মৌলভীবাজারের রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ঢাকা মেট্রো-ট-১৪-৪০৮৯ নম্বরের ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুম্মান সরকার নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকটির ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ট্রাকটি ব্রিজ থেকে অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার ছিলেন।
ধামাইপার এলাকার বাসিন্দা রুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের রেলিং ভাঙা এবং নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকটিতে চালক ও হেলপার ছিলেন। দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।