রাজধানীতে একের পর এক সন্দেহজনক ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‘ছাতা বোমা’ ও প্রেশার কুকারের বোমা উদ্ধারের ঘটনার রেশ কাটার আগেই শনিবার মিরপুর-১০ ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিট। ফার্মগেইটে পাওয়া বস্তুটি পরে খালি বস্তা বলে নিশ্চিত হলেও, মিরপুরে পাওয়া পোটলাটি পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। মিরপুরে উদ্ধার হওয়া পোটলাটি ঘিরে তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা চলমান থাকায় নগরবাসীর মধ্যে উদ্বেগ এখনো কাটেনি।
শনিবার (১ আগস্ট) মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, একই সময়ে মিরপুর ও তেজগাঁও এলাকায় সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ শুরু করে। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, প্রাথমিকভাবে এটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে পড়ে থাকা বস্তা দেখে সন্দেহ হলে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে জানায়, সেটি একটি খালি বস্তা।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে একটি পাইপ বোমা উদ্ধার এবং পরে আশুলিয়ায় আরেকটি শক্তিশালী বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল।