ঢাকায় ছয় বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানী ঢাকায় গত ছয় বছরেরও বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৩৮৪ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন

2026-08-01T14:57:38+00:00
2026-08-01T14:57:38+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
রাজধানী
ঢাকায় ছয় বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪
সবচেয়ে ঝুঁকিতে পথচারীরা
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় গত ছয় বছরেরও বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৩৮৪ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীতে মোট ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯২ জন পথচারী। এছাড়া ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী এবং বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক-যাত্রী মিলিয়ে ২৫৬ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাতে। মোট নিহতের ৩৭ দশমিক ৫ শতাংশ বা ৫১৯ জন রাতের দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া সকালে ২৫৮ জন, দুপুরে ১৯৫ জন, বিকেলে ১৭৪ জন, ভোরে ১৪২ জন এবং সন্ধ্যায় ৯৬ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ট্রাক, কভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাকের হার সর্বোচ্চ ৩৩ দশমিক ২৫ শতাংশ। এরপর রয়েছে মোটরসাইকেল (২৬ শতাংশ), বাস (২১ দশমিক ৭৫ শতাংশ), অটোরিকশা-সিএনজি-লেগুনা (১২ দশমিক ৭৩ শতাংশ) এবং মাইক্রোবাস-প্রাইভেটকার-জিপ (৬ দশমিক ২৫ শতাংশ)।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, রাজধানীতে বাইপাস সড়কের অভাবে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ভারী মালবাহী যানবাহনের বেপরোয়া চলাচল, দীর্ঘ যানজটের কারণে চালকদের অসহিষ্ণু আচরণ, অপ্রতুল সড়ক, একই পথে বিভিন্ন গতির যানবাহনের চলাচল, দখল হওয়া ফুটপাত, ব্যবহার অনুপযোগী ফুটওভার ব্রিজ এবং পথচারীদের অসচেতনতা দুর্ঘটনা ও প্রাণহানির অন্যতম কারণ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ক বর্তমানে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাপ্রবণ এলাকা।

পরিস্থিতির উন্নয়নে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালু, পাশাপাশি বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগ জোরদারের সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: