রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও ঊর্ধ্বমুখী দামের চাপ দেখা দিয়েছে। সবজির পাশাপাশি কাঁচা মরিচ, পেঁয়াজ, মাছ, মুরগি ও ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারগুলোতে সবজির দাম আগের তুলনায় আরও বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের, যা বর্তমানে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেগুন, টমেটো, করলা, শসা, বরবটি, গাজরসহ প্রায় সব ধরনের সবজির দামও উচ্চ পর্যায়ে রয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা এবং করলা ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি দরে পাওয়া গেলেও এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় পৌঁছেছে।
এ ছাড়া কচুর লতি ও কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, শসা ও বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এক হালি কাঁচা কলা ৪০ থেকে ৫০ টাকা, লেবু ১৫ থেকে ৩০ টাকা এবং কেপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাকের বাজারেও রয়েছে বাড়তি দাম। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং কলমি ও ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, শোল ৭০০ টাকা এবং বাইম ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।
ইলিশের দামও বেশ চড়া। ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি ও মাংসের বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব রয়েছে। সোনালি মুরগি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রমাগত নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বাজারে কার্যকর নজরদারি ও সরবরাহ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।