ফেসবুকে পরিচয় থেকে প্রেম, আর সেই ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন নেত্রকোনার এক তরুণীকে। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে মো. নুর উদ্দিন রাখেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিয়ে করেন মোহনগঞ্জের নাজমিন আক্তার (লিজা)-কে।
শুক্রবার (৩১ জুলাই) নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুরে কনের পরিবারের উদ্যোগে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়। বিদেশি জামাইকে একনজর দেখতে সকাল থেকেই কনের বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই নবদম্পতির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিন ও নাজমিন আক্তারের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারকে বিষয়টি জানালে দুই পক্ষই সম্মতি দেয়। গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন এবং ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণের পর অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
নাজমিন বর্তমানে মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন স্থানীয়ভাবে ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত। অন্যদিকে, নুর উদ্দিন (সাবেক ওয়্যাং সুলিন) চীনে একটি রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করেন।
নাজমিনের বাবা জানান, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের বিষয়ে কোনো ঝুঁকি না নিতে শুরু থেকেই তাঁরা সতর্ক ছিলেন। ছেলের পরিচয়, পারিবারিক তথ্য এবং প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই-বাছাই করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেও তথ্য নিশ্চিত হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নুর উদ্দিন চীনে ফিরে যাবেন। সেখানে ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর নাজমিনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে, চীন থেকে জামাই আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়রা নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে তাঁদের নতুন জীবনের সাফল্য ও সুখ কামনা করেছেন।