আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশজুড়ে সব সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষিত এ সিদ্ধান্তে ওই দিন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধির দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে।
এসময় বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চলবে।
তারা আরো বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন নির্ধারিত হয়েছিল প্রতি ঘনমিটারে ৮ টাকা। গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে।