চিরিরবন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তছলিম হক (১৩) নামে এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার-বিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তছলিম হক উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ব্যাঙের কাঁদো এলাকার মহসিন আলী বুলুর ছেলে। সে বাণীযুগী হাফেজিয়া মাদরাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তছলিম হক বেলতলী বাজার থেকে ওষুধ কিনে সাইকেলে বাড়ি ফিরছিল। পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে যায় । পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।