ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরে আলোচিত নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আবারও মুখ খুলেছেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেন, জীবনের সেই বিতর্কিত অধ্যায়ে তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি। বরং বিয়ে পর্যন্ত বিষয়টি না গড়ানোর জন্য পরিবার ও তৎকালীন বাগদত্তার সঙ্গে আগেই কথা বলার চেষ্টা করেছিলেন।
পডকাস্টে প্রভা বলেন, তাকে নিয়ে যে ধারণা তৈরি হয়েছে, তার পেছনের বাস্তবতা অনেকেই জানেন না। তার ভাষ্য, আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। কিন্তু আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। প্রায় ১৫ থেকে ২০ দিন আমি আমার পরিবার এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল, তাদের বোঝানোর চেষ্টা করেছি যেন বিষয়টি বিয়ে পর্যন্ত না গড়ায়।

তিনি জানান, সে সময় পারিবারিকভাবেও নানা জটিলতা ছিল। প্রভারের দাবি, তার পরিবার শুরুতে ওই সম্পর্কের বিরোধিতা করেছিল এবং এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাও সহজ ছিল না।
অভিনেত্রী বলেন, এনগেজমেন্ট ভাঙা সহজ ছিল না। আমাদের মধ্যে প্রায় ৯-১০ মাসের দূরত্ব ছিল। ওই সময় আমার জীবনে যা হয়েছে, আমি আমার লয়ালিটির জায়গা থেকে সবকিছু জানিয়েছি। কোনো কিছুই হঠাৎ করে ঘটেনি।
সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, যারা তাকে সত্যিকারের ভালোবাসেন, তারা জানেন তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। তাই তার একটাই বক্তব্য—তিনি কাউকে প্রতারণা করেননি এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সবসময় খোলামেলাভাবেই জানিয়েছেন।
উল্লেখ্য, প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। দীর্ঘদিন পর সেই বিতর্ক নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী।