ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির সঙ্গে গানে তাঁর যুগলবন্দি পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব। কেবল উদ্বোধনী অনুষ্ঠান নয়, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে হাজির হয়েছেন নোরার সঙ্গে।
তবে বিশ্বকাপের ফাইনালে মাঠে দেখা যাবে না সঞ্জয়কে। কারণ, সেদিনই তিনি প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে দর্শকদের মাতাতে মঞ্চে গান পরিবেশন করবেন এই জনপ্রিয় শিল্পী।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত ছয় দিনব্যাপী এই ফ্যান ফেস্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বড় পর্দায় সরাসরি খেলা দেখার পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা বিনোদনমূলক আয়োজন।
আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালের দিনে পারফর্ম করবেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালে থাকবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। ১৬ জুলাই মঞ্চে উঠবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী, ১৭ জুলাই পারফর্ম করবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা এবং ১৮ জুলাই থাকবেন ডিজে সানী। ফাইনালের দিন সঞ্জয় দেবের সঙ্গে পারফর্ম করবেন ডিজে জুডু।
অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনালের দিনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।
শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, হাবিব ওয়াহিদ, কনা ও জেফারসহ দেশ-বিদেশের বহু জনপ্রিয় শিল্পী।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বে সঞ্জয় দেবের পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়ায়। সে সময় তার পোশাকে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ও লাল-সবুজের নকশার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরায় দর্শকদের নজর কাড়েন তিনি।