বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবার অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও নিজের প্রতিভা দেখানোর স্বপ্ন দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনায় নামতে চান। আর নির্মাতা হিসেবে তাঁর প্রথম স্বপ্নের প্রকল্প হবে 'টাইটানিক'-এর আদলে নির্মিত একটি আবেগঘন প্রেমের গল্প, যা দর্শকের হৃদয়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে আশা করছেন তিনি।
সাক্ষাৎকারে উর্বশী বলেন, অভিনয়ের পাশাপাশি গান, প্রযোজনা এবং রাজনীতিতেও নিজেকে যুক্ত করতে চান। পরিচালনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি অবশ্যই সিনেমা পরিচালনা করতে চাই। মানুষ হিসেবে আমি খুব আবেগপ্রবণ। তাই আমার প্রথম সিনেমা হবে টাইটানিকের মতো একটি শক্তিশালী প্রেমের গল্প।

উর্বশীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রসিকতা ও ট্রল করেন। কেউ মন্তব্য করেন, ‘টাইটানিক নয়, ছবির নাম হওয়া উচিত ট্রাই-প্যানিক।’ আবার কেউ তাঁর সাক্ষাৎকারের সময় হাতে কাচের জার ধরে থাকার বিষয়টি নিয়েও কটাক্ষ করেন।
তবে সমালোচনার পাশাপাশি ভক্তদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন এই অভিনেত্রী। অনেকেই মনে করছেন, নতুন ভূমিকায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া উচিত উর্বশীর।
উল্লেখ্য, চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেন উর্বশী রাউতেলা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ওটিটি সিরিজ 'ইন্সপেক্টর অবিনাশ সিজন-২'-এ। অভিনেত্রীর দাবি, আগের মৌসুমের তুলনায় নতুন সিজনটি আরও বড় পরিসরে নির্মিত হয়েছে এবং এতে রয়েছে অ্যাকশন, আবেগ ও চমক। এখন দেখার বিষয়, পরিচালকের আসনে বসে উর্বশী তাঁর 'টাইটানিক'-স্বপ্ন কবে বাস্তবে রূপ দেন।