সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমায় আবারও সাফল্যের দেখা পেয়েছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। ভারতের পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
২০২৩ সালের আলোচিত ও সুপারহিট সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। নতুন এই কিস্তিতেও সাফল্যের ধারা ধরে রেখেছে সিনেমাটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই ‘আজও অর্ধাঙ্গিনী’ আয় করেছে ১ কোটি রুপির বেশি। পাশাপাশি প্রতিদিনই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা বাড়ছে। ফলে আগামী দিনগুলোতে সিনেমাটির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত ১০ জুলাই মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ১০ লাখ ৪১ হাজার রুপি। এরপর সপ্তাহান্তে আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শনিবার সিনেমাটির আয় ছিল ২৩ লাখ ৫৩ হাজার রুপি এবং রোববার আয় করে ৩৫ লাখ ১৭ হাজার রুপি। সোমবার কর্মদিবসেও ছবিটি সাড়ে ১৩ লাখের বেশি আয় করে। মঙ্গলবার আবারও আয় বেড়ে দাঁড়ায় ১৬ লাখ রুপিতে।
‘আজও অর্ধাঙ্গিনী’র গল্প ও অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছে। নির্মাতা ও অভিনয়শিল্পীরা দর্শকদের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন- প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালে ভিডিও ধারণ না করা এবং ছবির গল্প বা গুরুত্বপূর্ণ অংশ কাউকে না জানানো।
এর আগে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছিলেন, ‘আজও অর্ধাঙ্গিনী’তে এমন কিছু গল্পের মোড় রয়েছে, যা দর্শকদের অবাক করবে। এমন পরিস্থিতির মুখোমুখি যেন কোনো শত্রুকেও হতে না হয়, এমন অনুভূতির কথাও জানান তিনি।
‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন। তিন শক্তিশালী অভিনয়শিল্পীর পারফরম্যান্সে মুগ্ধ হচ্ছেন দর্শক। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়সহ আরও অনেকে।