
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত শনিবার পর্যন্ত ভারতে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ রুপি। এ সময়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসনসহ মোট ৪ হাজার ৪৩৯টি প্রদর্শনীর বুকিংয়ের হিসাব ধরে এ তথ্য দেওয়া হয়েছে।
ভারতে সিনেমাটির হিন্দি সংস্করণে সবচেয়ে বেশি সাড়া মিলেছে। এ সংস্করণ থেকে অগ্রিম বুকিংয়ে আয় হয়েছে ৯ কোটি ১৫ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে ১ কোটি ৩ লাখ রুপি। আর তেলুগু সংস্করণে আয় হয়েছে ৩১ লাখ ২৫ হাজার রুপি।
প্রযুক্তিনির্ভর প্রদর্শনীর ক্ষেত্রেও দর্শকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, থ্রিডি সংস্করণের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৭২ লাখ রুপি। আইম্যাক্স থ্রিডি প্রদর্শনী থেকে এসেছে ২ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া ফোরডিএক্স থ্রিডি সংস্করণ থেকে আয় হয়েছে ৪২ লাখ ৪৩ হাজার রুপি।
ভারতের বাইরেও ছবিটির অগ্রিম টিকিট বিক্রি আশাব্যঞ্জক। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদেশের বাজারে সব প্রদর্শনী মিলিয়ে অগ্রিম বুকিং ১১ লাখ ডলার ছাড়িয়েছে। মুক্তির প্রথম দিনের টিকিট বিক্রিও ৬ লাখ ডলার অতিক্রম করেছে। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার। শুধু প্রিমিয়ার প্রদর্শনীর অগ্রিম বুকিং থেকেই আয় হয়েছে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার ডলার।
হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। মুক্তির আগেই দেশ-বিদেশে অগ্রিম বুকিংয়ের এই সাড়া সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে ছবিটি কতটা সাফল্য পায়, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তির পর।