
শনিবার (২৪ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ, তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এতে কেউ হতাহত হননি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে আসিফ আকবরের কিছু মন্তব্যকে কেন্দ্র করে তাঁর সঙ্গে ওমর সানীর কথার লড়াই শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও বার্তায় দুজনই একে অপরের সমালোচনা করেন। তবে আসিফের গাড়িতে গুলির ঘটনায় সেই বিরোধ পাশে রেখে তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন ওমর সানী।