বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন, কেউ ব্যস্ত ছিলেন শুটিং ও গানের অনুষ্ঠানে। আবার কারও উৎসব কেটেছে প্রিয়জনকে স্মরণ করে। পূজার দিনগুলোতে তারকাদের আনন্দ, ব্যস্ততা ও আবেগের নানা মুহূর্ত উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
ঘোরাঘুরিতে মিম
ঘুরে বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারের দুর্গাপূজায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। শারদীয় সাজে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
মাকে ছাড়াই পূজামণ্ডপে পূজা চেরী
অভিনেত্রী পূজা চেরীর কাছে দুর্গাপূজা মানেই ছিল মায়ের সঙ্গে পূজামণ্ডপে ঘুরে বেড়ানো। তবে মাকে হারানোর পর থেকে একাই পূজামণ্ডপে যান তিনি। এবারও পূজার প্রথম দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ঘুরেছেন এই অভিনেত্রী।
মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা, মানুষের জীবনের সব দুঃখের অবসান হোক, অন্ধকার দূর হয়ে প্রতিটি হৃদয়ে জ্বলে উঠুক আশার আলো।
গানে গানে ব্যস্ত বাঁধন সরকার পূজা
সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার এবারের দুর্গোৎসব কেটেছে ব্যস্ততায়। বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে পূজামণ্ডপেও গিয়েছেন তিনি। বিয়ের পর এটি তাঁর প্রথম দুর্গাপূজা। ইচ্ছা ছিল অন্তত এক দিন শ্বশুরবাড়ির এলাকা মুন্সিগঞ্জে যাওয়ার। কিন্তু শাশুড়ির অসুস্থতার কারণে পুরো সময়ই ঢাকায় কাটাতে হয়েছে তাঁকে।
মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত বাপ্পী চৌধুরী
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বরাবরই পূজার সময় পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। এবারের উৎসবের শুরুটা ঢাকায় কাটলেও শেষ দুই দিন নিজের শহর নারায়ণগঞ্জে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অভিনেতার বিশ্বাস, নবমী ও দশমীর পূজার আয়োজন নারায়ণগঞ্জে বিশেষ আনন্দের।
তবে এবার উৎসবের আনন্দের মধ্যেও মায়ের অভাব অনুভব করেছেন তিনি। দুই বছর আগে মাকে হারিয়েছেন বাপ্পী। গত বছর পূজার সময় যুক্তরাষ্ট্রে থাকায় সেই শূন্যতা ততটা অনুভব না করলেও এবার নিজ বাড়িতে প্রতিটি মুহূর্তে মায়ের স্মৃতি তাঁকে আবেগাপ্লুত করেছে।
বিসর্জনে নতুন শুরুর বার্তা দেখেন পূজা সেনগুপ্ত
সারা বছর নাচ নিয়ে ব্যস্ত থাকলেও দুর্গোৎসবের সময় পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করেছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তাঁর মতে, বয়স বাড়লেও উৎসবের আনন্দ কখনো ম্লান হয় না।
দুর্গাপূজার বিভিন্ন আয়োজনের মধ্যে বিসর্জন তাঁর সবচেয়ে পছন্দের। কারণ, তাঁর কাছে কোনো কিছুর সমাপ্তি মানেই নতুন কিছুর সূচনা কিংবা নতুন সম্ভাবনার দ্বার খুলে যাওয়া।
শুটিং শেষে মণ্ডপে মনোজ প্রামাণিক
গত বছর দুর্গাপূজার সময় দক্ষিণ কোরিয়ার বুসানে ছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক। এবার ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে পূজা উদ্যাপনের। কিন্তু একটি রিয়েলিটি শোর শুটিংয়ের কারণে ঢাকাতেই থাকতে হয়েছে তাঁকে। দিনের বেলা শুটিংয়ের কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যায় সময় বের করে গিয়েছেন পূজামণ্ডপে।
সম্প্রীতির বার্তা মন্দিরা চক্রবর্তীর
দুর্গোৎসবের দিনগুলোতে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ঘুরেছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কখনো ঐতিহ্যবাহী শাড়ি ও ভারী গয়নায়, আবার কখনো সাধারণ সাজে ধরা দিয়েছেন তিনি। পূজামণ্ডপে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন সম্প্রীতির বার্তা।
মন্দিরার প্রত্যাশা, মা দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূর হবে অশুভ শক্তি, দুঃখ-কষ্ট ও অন্ধকার। মানুষের হৃদয় ভরে উঠবে ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও আনন্দে।
সিঁদুর খেলায় মুগ্ধ সুষমা সরকার
অভিনেত্রী সুষমা সরকার শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সন্ধ্যার পর নিয়মিত পূজামণ্ডপে গিয়েছেন। সন্ধ্যা ও রাতের আরতি তাঁর বিশেষ পছন্দের। পাশাপাশি বিজয়া দশমীর সিঁদুর খেলাও উপভোগ করেন তিনি।
দুর্গোৎসব ঘিরে মানুষের মধ্যে যে ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন তৈরি হয়, তা মুগ্ধ করে সুষমাকে।
সব মিলিয়ে এবারের দুর্গোৎসব তারকাদের কারও কাছে ছিল আনন্দ ও ঘোরাঘুরির, কারও কাছে কাজের ব্যস্ততার, আবার কারও কাছে প্রিয়জনের স্মৃতিতে আবেগময় সময়। উৎসবের এই নানা অনুভূতিই যেন শারদীয় দুর্গাপূজাকে করে তুলেছে আরও বর্ণিল।