তৃতীয়বারের মতো বিয়ের পর ‘লাভ জিহাদ’ বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড সুপারস্টার আমির খান। গৌরী স্প্র্যাটকে বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক মহলেও নানা আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে মুখ খুলে আমির জানান, তার কোনো স্ত্রী বা বর্তমান সঙ্গী কখনো ধর্ম পরিবর্তন করেননি; সব বিয়েই হয়েছে সিভিল ম্যারেজের মাধ্যমে, যেখানে ধর্মান্তরের কোনো প্রশ্নই ওঠে না।
এদিকে গত মঙ্গলবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করার ঘটনায় অভিনেতা আমির খানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। মুসলিম পারসোনাল দারুল ইফতার শাহি প্রধান মুফতি মাওলানা ইব্রাহিম হুসাইন এ বিয়েতে আপত্তি জানিয়েছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, কোনো মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারেন না, যদি না তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে ওঠা সব সমালোচনার জবাব দিয়েছেন এই বলিউড সুপারস্টার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, তার সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও কিংবা বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট—কেউই বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেননি। তিনি জানান, গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান পরিবার থেকে এলেও নিয়মিত ধর্মচর্চা করেন না। তাই তার ব্যক্তিগত সম্পর্ককে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্পূর্ণ অযৌক্তিক।
দীর্ঘদিন ধরেই ভিন্ন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে সম্পর্ক ও বিয়ের কারণে ‘লাভ জিহাদ’-এর অভিযোগের মুখে পড়েছেন আমির। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর সেই বিতর্ক আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা।
আমির বলেন, তার পরিবার সবসময় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করে এসেছে। উদাহরণ হিসেবে তিনি জানান, তার দুই বোন হিন্দু পরিবারে বিয়ে করেছেন, মেয়ে ইরা খানের স্বামীও হিন্দু এবং তার চাচাতো ভাই মনসুর খান একজন খ্রিস্টান নারীকে বিয়ে করেছেন।
তার ভাষায়, জীবনের সব সম্পর্কই পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে; ধর্ম কখনোই সেখানে নির্ধারক ছিল না।
গত ৫ জুলাই মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তৃতীয়বারের মতো বিয়ে করেন আমির খান। এর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার দুটি বিয়ে হয়েছিল। বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সন্তানদের যৌথ অভিভাবকত্ব বজায় রাখার কথা বিভিন্ন সময় জানিয়েছেন এই অভিনেতা।