এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে রাজধানীর নীলক্ষেত, সায়েন্সল্যাব, শাহবাগ, মগবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবিকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সায়েন্সল্যাব এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত ‘লং মার্চ’কে কেন্দ্র করে কোথাও বড় ধরনের সমাবেশ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অধিকাংশ পরীক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকার উত্তরা বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারসহ কয়েকটি স্থানে জড়ো হয়ে সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যেই দেশের অধিকাংশ জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্রের ভুল, পরীক্ষা আয়োজন নিয়ে সমালোচনা এবং শিক্ষামন্ত্রীর একটি কথোপকথন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রথমে আট দফা এবং পরে তিন দফা দাবি তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে—উপযুক্ত পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর প্রদান এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দুঃখপ্রকাশের পাশাপাশি পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে বুধবারের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন।