দাম্পত্য জীবনের প্রথম স্মৃতিবিজড়িত ঠিকানাটিকে এবার পুরোপুরি নিজের করে নিলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত যে বাড়িতে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর নতুন জীবন শুরু করেছিলেন, সেই ভবনের বাকি অংশও কিনে নিয়েছেন তিনি। এর ফলে ভবনটির সম্পূর্ণ মালিকানা এখন শাহরুখ খানের হাতে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নেন তিনি। প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত।
এই বাড়ির গুরুত্ব শুধু সম্পত্তির মূল্যেই সীমাবদ্ধ নয়; শাহরুখ ও গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছে এর গভীর আবেগ। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাঁদের দাম্পত্য জীবনের শুরু। সে সময় শাহরুখ বলিউডে নিজের অবস্থান তৈরি করার সংগ্রামে ছিলেন এবং মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাসও শুরু করেননি।
পরবর্তীতে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান শাহরুখ। সেখান থেকেই শুরু হয় তাঁর তারকাখ্যাতির যাত্রা। তবে জীবনের সেই শুরুর দিনের স্মৃতি ধরে রেখেছে দিল্লির এই বাড়ি, যা এখন পুরোপুরি তাঁর মালিকানায়।
গৌরী খানও বিভিন্ন সাক্ষাৎকারে এই বাড়ির প্রতি নিজের আবেগের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, পরিবারের অসংখ্য স্মৃতি ধারণ করায় বাড়িটি তাঁদের কাছে বিশেষ। বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে একটি ‘নস্টালজিয়া ওয়াল’, যেখানে সংরক্ষিত আছে আরিয়ান, সুহানা ও আব্রামের শৈশবের স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরোনো পোস্টকার্ড এবং পরিবারের নানা স্মৃতিচিহ্ন।