বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে তৈরি হয়েছে তুলনামূলক সহজ এক পথ। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা কোনো দলের মুখোমুখি না হয়েই ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। তবে সেই সমীকরণ বাস্তবে রূপ নিতে হলে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অন্য একটি কোয়ার্টার ফাইনালের ফলও যেতে হবে তাদের অনুকূলে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই পর্যন্ত তাদের ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হচ্ছে না।
এরপর সেমিফাইনালের সমীকরণ নির্ভর করছে নরওয়ে-ইংল্যান্ড ম্যাচের ওপর। যদি নরওয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে আর্জেন্টিনাকে ফাইনালে যাওয়ার পথেও শীর্ষ ১০-এর কোনো দলের বিপক্ষে খেলতে হবে না।
এমন সম্ভাব্য পথ ইতোমধ্যে ফুটবল দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা তুলনামূলক সহজ ড্র পেয়েছে। যদিও প্রতিপক্ষ নির্বাচন করার সুযোগ কোনো দলেরই থাকে না, তবু এখন পর্যন্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বা র্যাংকিংয়ের শীর্ষ সারির কোনো পরাশক্তির মুখোমুখি না হওয়ায় আর্জেন্টিনার প্রকৃত কঠিন পরীক্ষা এখনো বাকি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তবে এসব সমীকরণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা। এরপরই স্পষ্ট হবে ফাইনালের পথে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের যাত্রাপথ কতটা কঠিন বা সহজ হবে।