চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে তৈরি হওয়া বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়েই রেফারিরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। বরং গণমাধ্যমই অপ্রয়োজনীয়ভাবে বিষয়টিকে বড় করে বিতর্ক তৈরি করছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে কোনো অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ‘না, একদমই না। আমার মনে হয় রেফারিরা দারুণ কাজ করছেন। অনেক সময় গণমাধ্যমই এসব গল্প তৈরি করে এবং বিতর্ক সৃষ্টি করে। আমরা সেসব নিয়ে ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার দিকে।’
বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চললেও আর্জেন্টিনা শিবিরের অবস্থান যে ভিন্ন, মার্টিনেজের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।
এদিকে, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান রেখেই মাঠে নামতে চান আর্জেন্টিনার এই সেন্টারব্যাক।
মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষকে সম্মান করা আমাদের দলের অন্যতম বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে উঠে আসে, তাহলে অবশ্যই তারা নিজেদের যোগ্যতায়ই এসেছে।’
সুইসদের শক্তির জায়গাগুলোও তুলে ধরেন তিনি। মার্টিনেজের ভাষায়, ‘তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল এবং সেট পিস থেকে ভীষণ বিপজ্জনক। আমরা জানি আমাদের জন্য কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। আমার বিশ্বাস, এটি দর্শকদের জন্যও দারুণ একটি লড়াই হবে।’
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই এখন আর্জেন্টিনার লক্ষ্য। তবে মার্টিনেজের বক্তব্যে পরিষ্কার, লিওনেল স্কালোনির দল প্রতিপক্ষকে একটুও খাটো করে দেখছে না।