আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল সুইজারল্যান্ড। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম সেরা খেলোয়াড় ও চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তিনি জানান, হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে নেমে তিনটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন মানজাম্বি। তার অনুপস্থিতি সুইজারল্যান্ডের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘তাকে ফেরানোর জন্য আমরা সম্ভাব্য সব চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না। মানজাম্বি এখনও অনেক ব্যথায় আছে।’
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মানজাম্বির ছিটকে যাওয়া সুইসদের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
অন্যদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার বার্তা দিয়েছেন। তার মতে, বিশ্বকাপের শেষ আটে ওঠা প্রতিটি দলই কঠিন, তাই সুইজারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সতর্ক থেকেই খেলতে হবে।