হালান্ডকে ‘মেশিন’ বললেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি

2026-07-11T16:29:26+00:00
2026-07-11T16:29:26+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
হালান্ডকে ‘মেশিন’ বললেন হ্যারি কেইন
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনা করতে রাজি নন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেইন জানিয়েছেন, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের চেয়ে থ্রি লায়নসদের বিশ্বকাপের শিরোপা এনে দেওয়াই তার মূল উদ্দেশ্য।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শনিবার (দিবাগত রাত ৩টা) বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। গোলদাতার তালিকায় শীর্ষ সারিতেই রয়েছেন দুই দলের প্রধান দুই স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ড।

এ পর্যন্ত আসরে হালান্ড করেছেন ৭ গোল, যা কেইনের চেয়ে একটি বেশি। অন্যদিকে ৮টি করে গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

সম্প্রতি সাংবাদিকরা দুইজনের মধ্যে সেরা স্ট্রাইকার কে—এমন প্রশ্ন করলে হালান্ডের সঙ্গে নিজের তুলনা করতে অস্বীকৃতি জানান কেইন।

রয়টার্সকে তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। আমার মনে হয়, আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। দুজনই সিনিয়র স্ট্রাইকার হলেও মাঠে আমাদের ভূমিকা এক নয়।’

নিজের খেলার ধরন ব্যাখ্যা করে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি গোল করলেও নিজেকে কিছুটা ভিন্ন ধরনের খেলোয়াড় হিসেবে দেখি। আমি বল বেশি ছোঁয়া, ধরে রাখা এবং খেলার সঙ্গে জড়িত থাকতে পছন্দ করি। তবে প্রয়োজন হলে পুরোদস্তুর নম্বর নাইন হিসেবেও খেলতে পারি।’

তবে হালান্ডের প্রশংসা করতে কার্পণ্য করেননি ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘আর্লিং অবিশ্বাস্য। শারীরিকভাবে সে যেন একটি মেশিন, একেবারে দানব। তার ফিনিশিং সর্বোচ্চ মানের এবং তার গোল করার রেকর্ডই সবকিছু বলে দেয়।’

রসিকতার সুরে কেইন আরও বলেন, ‘আশা করি আগামীকালের ম্যাচে ও শান্ত থাকবে, অর্থাৎ গোল করবে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার পারফরম্যান্সই প্রমাণ করে, সে কতটা অসাধারণ খেলোয়াড়।’

গোল্ডেন বুটের লড়াইয়ে থাকলেও ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কেইন। তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। আমি দলের প্রধান গোলদাতা, তাই আমার গোল দলকে জিততে সাহায্য করবে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এদিকে, নরওয়ের বিপক্ষে মাঠে নামলেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার ক্ষেত্রে ওয়েন রুনির ১২০ ম্যাচের রেকর্ড স্পর্শ করবেন কেইন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় ওয়াজ্জা (রুনি)-র সমান ম্যাচ খেলার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ গর্বের।’

পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে। নরওয়ের বিপক্ষে ৭-২ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। এমনকি দুই দলের শেষ চার দেখায় নরওয়ে ইংল্যান্ডের জালে একবারও বল পাঠাতে পারেনি। তবে স্টেল সোলবাকেনের দলও দারুণ ছন্দে রয়েছে। ব্রাজিলকে হারানোর পাশাপাশি পাঁচ ম্যাচে ১২ গোল করে আত্মবিশ্বাসে উজ্জীবিত নরওয়ে।

শনিবারের এই মহারণে জয়ী দল সরাসরি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।


  বিষয়:   হ্যারি কেইন  আর্লিং হালান্ড  ইংল্যান্ড বনাম নরওয়ে  ফিফা বিশ্বকাপ  কোয়ার্টার ফাইনাল  গোল্ডেন বুট  থ্রি লায়নস 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: