ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কোর বিদায়ের পর আবেগ সামলাতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখার সময় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মরক্কোর লাল জার্সি পরে গ্যালারিতে বসে রয়েছেন নোরা। ম্যাচে দলের পরাজয় নিশ্চিত হওয়ার পর চোখের পানি মুছতে দেখা যায় তাকে। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
মরক্কোর সঙ্গে পারিবারিক শিকড় থাকায় দেশটির জাতীয় ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা বরাবরই প্রকাশ করে আসছেন নোরা। চলতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেন। সেখানে তিনি পরিবেশন করেন ‘শির শির’, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের একটি গান।
ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং সংগীত প্রযোজক সানজয়ের সঙ্গে যৌথভাবে তৈরি ‘শির শির’ গানটি গত ৮ জুন প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই গানটি ব্যাপক সাড়া ফেলেছে এবং অনলাইনে ইতোমধ্যে কয়েক কোটি ভিউ পেয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন নোরা। তিনি জানান, গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা তার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। ভবিষ্যতে নিজের সন্তানদেরও এই অভিজ্ঞতার গল্প শোনাতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি