রাজধানীর মিরপুর-১০ মেট্রোস্টেশন এলাকায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে স্টেশনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমটিসিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। এতে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনও অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক।
ডিএমটিসিএল জানায়, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মেট্রোস্টেশন এলাকায় যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই অবৈধ দখল অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনের নিচেও একই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএমটিসিএল।