মাদারীপুরের শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ৯ বছর বয়সী শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তার। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচরের মাদবরকান্দি এলাকা থেকে পাশের কাদিরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন আয়েশা ও তার পরিবারের সদস্যরা। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।