কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোটভাইয়ের দা'য়ের কোপে বড়ভাই নুরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছোটভাই আব্দুর রহিম (৪২) পালিয়ে গেছেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত আব্দুর রহিম নিহতের আপন ছোটভাই।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম পৈত্রিক বসতভিটার গাছ বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম হাতে থাকা ধারালো দা দিয়ে বড়ভাইয়ের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত আব্দুর রহিম ঘটনার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।