সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, প্রশাসনের কড়া নজরদারি

সাভার (ঢাকা) সংবাদদাত

সারাদেশ

ঢাকার সাভারে সুরেশ্বর দরবার শরিফের পীরের অনুসারী সাধক কাজি জাবের আহমেদ ওরফে জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আয়োজিতব্য ওরস বন্ধের দাবি

2026-08-25T20:36:59+00:00
2026-08-25T20:36:59+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, প্রশাসনের কড়া নজরদারি
সাভার (ঢাকা) সংবাদদাত
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার সাভারে সুরেশ্বর দরবার শরিফের পীরের অনুসারী সাধক কাজি জাবের আহমেদ ওরফে জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আয়োজিতব্য ওরস বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। এ দাবিতে সাভার উপজেলা প্রশাসন ও থানায় স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার ও বৃহস্পতিবার ওরস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের বিরুদ্ধে ‘ইসলামবিরোধী ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্মারকলিপিদাতারা।

রোববার ‘তৌহিদী জনতা’র ব্যানারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার মডেল থানায় পৃথক স্মারকলিপি দেওয়া হয়। এতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বাক্ষর করেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষই প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ওরসের আয়োজকদের সঙ্গে কথা বলে উসকানিমূলক কোনো বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, নামাজের সময় ওরসের মাইক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদেরও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ওরস চলাকালে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবেন।

হেফাজতে ইসলাম ঢাকা জেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম বলেন, স্থানীয় আলেমদের কাছ থেকে বিষয়টি জানার পর তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ইসলামের নামে কোনো অপপ্রচার হলে তার প্রতিবাদ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী বলেন, কাজি জাবের আহমেদের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ থাকায় প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

অন্যদিকে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওরসের আয়োজকদের ধর্মীয় উসকানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজন এবং জেলা প্রশাসনের অনুমতি নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

ওসি বলেন, ওরসকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওরসের আয়োজক কাজি জাবের আহমেদ ওরফে জাবের আল জাহাঙ্গীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় ইসলাম নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে ‘তৌহিদী জনতা’ মাওলানা কাজি আফসার উদ্দিনের বাড়ি ও মাজার শরিফে হামলা ও ভাঙচুর চালিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ওরসকে ঘিরে দুই পক্ষের অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: