মানিকগঞ্জের আলোচিত হিরন হত্যা মামলার দীর্ঘ ১৭ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়ার রাইল্যা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হিরন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় হিরনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর মামলাটি রায়ের পর্যায়ে আসে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ জানান, মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, একই মামলায় আরও ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া বিচার চলাকালে আরও দুই আসামির মৃত্যু হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর মামলার রায় হওয়ায় নিহত হিরনের পরিবার ও সংশ্লিষ্টদের মধ্যে রায় নিয়ে আলোচনা তৈরি হয়েছে।