উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর উদ্ভাবিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট, মসজিদ বা মাদরাসা নির্মাণ করলেই উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন তখনই হয়, যখন মানুষের আয় বাড়ে, নতুন নতুন উদ্ভাবন হয় এবং সফল উদ্যোক্তা তৈরি হয়। মানুষের নিজের আয় বৃদ্ধির পাশাপাশি অন্যদের কর্মসংস্থান ও আয়ের সুযোগও সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, ঘুরেফিরে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে লড়াই করে লাভ হবে না। মানুষের পেটে ভাত পড়তে হবে, উদ্ভাবন করতে হবে, ভালো ব্যবসা করতে হবে। এটাই প্রকৃত উন্নয়ন।
উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলব। সলেমান আলী নিজের প্রচেষ্টায় একটি ব্যতিক্রমী উদ্ভাবন করেছেন। তিনি আমাদের, দেশের এবং কৃষকদের গর্ব।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে সলেমান আলী ঢাকায় গিয়ে তার উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে তাকে অবহিত করেন। সাইকেল মেকানিক থেকে একজন উদ্ভাবকে পরিণত হয়ে তিনি সৌরশক্তিনির্ভর এমন একটি সেচ পাম্প তৈরি করেছেন, যা কৃষিকাজের পাশাপাশি খামার ও বিভিন্ন স্থানের বিদ্যুতের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্ভাবকেরা নীরবে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্যোক্তা সলেমান আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।