মানব স্নায়ুকোষ (নিউরন) ব্যবহার করে পরীক্ষাগারে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করেছে ইরান। দেশটির বিজ্ঞানীদের দাবি, তারা এমন একটি জীবন্ত স্নায়বিক কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন, যা নিজেই সংযোগ স্থাপন করে শেখার ক্ষমতাসম্পন্ন স্নায়বিক নেটওয়ার্ক গঠন করতে পারে। যদিও প্রযুক্তিটি এখনও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত নয়, তবুও এটি ভবিষ্যতের কম্পিউটার প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন গবেষকরা।
ইরানের জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব আতাউল্লাহ পুর-আব্বাসি দেশটির সংবাদ সংস্থা মেহরকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইরানের গবেষকরা মানবদেহের বাইরে স্নায়ুকোষ বৃদ্ধি করার প্রযুক্তি সফলভাবে আয়ত্ত করেছেন। এসব স্নায়ুকোষ পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন করে শেখার সক্ষমতা সম্পন্ন একটি কার্যকর স্নায়বিক নেটওয়ার্ক তৈরি করতে পারে।
আতাউল্লাহ পুর-আব্বাসির দাবি, এ প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরি করা সম্ভব হবে। ইতোমধ্যে দেশটির একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এ ধরনের প্রসেসরের পরীক্ষামূলক নমুনা তৈরি করেছে।
তার ভাষ্য অনুযায়ী, জীবন্ত কোষভিত্তিক এই প্রসেসর প্রচলিত সিলিকনভিত্তিক প্রসেসরের তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করতে সক্ষম হবে। পাশাপাশি বিদ্যুৎ খরচ প্রায় ১০ লাখ গুণ পর্যন্ত কমানো সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, জীবন্ত কোষভিত্তিক প্রসেসর প্রযুক্তি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী প্রজন্মের কম্পিউটার প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যেই এ খাতে গবেষণা ও বিনিয়োগ বাড়ছে।
তবে ইরানের দাবি স্বাধীনভাবে আন্তর্জাতিকভাবে যাচাই করা হয়েছে—এমন তথ্য এখনো প্রকাশিত হয়নি। এছাড়া প্রযুক্তিটি এখনও গবেষণা ও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত নয়।
সূত্র: ইরানি সংবাদ সংস্থা মেহর।