৮ বছরের মহাকাশযাত্রা শেষে বুধের কক্ষপথে প্রবেশের অপেক্ষায় বেপিকলম্বো

অনলাইন ডেস্ক

তথ্যপ্রযুক্তি

আট বছরের বেশি সময় ধরে মহাকাশে ভ্রমণ করে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কাছে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ

2026-11-21T11:15:03+00:00
2026-11-21T11:15:03+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তথ্যপ্রযুক্তি
৮ বছরের মহাকাশযাত্রা শেষে বুধের কক্ষপথে প্রবেশের অপেক্ষায় বেপিকলম্বো
অনলাইন ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম 
৮ বছরের মহাকাশযাত্রা শেষে বুধের কক্ষপথে প্রবেশের অপেক্ষায় বেপিকলম্বো
আট বছরের বেশি সময় ধরে মহাকাশে ভ্রমণ করে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কাছে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান ‘বেপিকলম্বো’। প্রায় ৬০০ কোটি মাইল পথ পাড়ি দেওয়া মহাকাশযানটি এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

আগামী শনিবার মহাকাশযানটির থ্রাস্টার বা বিশেষ ইঞ্জিন চালু করে বুধের কক্ষপথে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। অভিযান সফল হলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো মহাকাশযান বুধকে কেন্দ্র করে প্রদক্ষিণ শুরু করবে।

বিজ্ঞানীদের আশা, প্রায় ১৬০ কোটি ইউরো ব্যয়ের এই অভিযান থেকে বুধের উৎপত্তি, চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য এবং গ্রহটির চিরঅন্ধকার গর্তে থাকা বরফের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের অধ্যাপক এমা বান্স বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় তাঁরা উচ্ছ্বসিত। গত ২০ বছর ধরে তিনি এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।

সূর্যের খুব কাছাকাছি হওয়ায় বুধে মহাকাশযান পাঠানো বেশ কঠিন। সূর্যের প্রবল মহাকর্ষীয় টানে মহাকাশযানের গতি বেড়ে যায়। তাই বুধকে অতিক্রম করে চলে যাওয়া ঠেকাতে দীর্ঘ সময় ধরে এর গতি কমাতে হয়। এ কারণে পুরো অভিযানটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জপূর্ণ।

অধ্যাপক বান্স জানান, বেপিকলম্বোর ‘মার্কারি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার’ (মিক্স) নামের একটি যন্ত্র বুধের পৃষ্ঠের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করবে।

তবে কক্ষপথে প্রবেশের পরপরই পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শুরু হবে না। আগামী ডিসেম্বরের শুরুতে মহাকাশযানটি দুটি পৃথক অরবিটারে বিভক্ত হবে। একটি ইউরোপের, অন্যটি জাপানের তৈরি। এরপর দুটি যান বুধের চারপাশে পৃথক মেরু কক্ষপথে অবস্থান নেবে। আগামী বছরের এপ্রিল থেকে মূল বৈজ্ঞানিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

ইউরোপের অরবিটারটির নাম মার্কারি প্ল্যানেটারি অরবিটার (এমপিও)। এটি বুধের পৃষ্ঠ, রাসায়নিক গঠন ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করবে। বিশেষ করে গ্রহটির অস্বাভাবিকভাবে বড় কেন্দ্র বা কোর সম্পর্কে তথ্য সংগ্রহে গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে জাপানের তৈরি অরবিটারটি বুধের চৌম্বক ক্ষেত্র এবং গ্রহটিকে ঘিরে থাকা সোডিয়ামসমৃদ্ধ এক্সোস্ফিয়ার বা অতি পাতলা গ্যাসীয় স্তর নিয়ে গবেষণা করবে।

আকারে চাঁদের চেয়ে মাত্র ৫০ শতাংশ বড় হলেও বুধের ভর চাঁদের প্রায় চার গুণ। গ্রহটির ঘনত্ব এত বেশি হওয়ার কারণ খুঁজে বের করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বেপিকলম্বো প্রকল্পের প্রধান বিজ্ঞানী অধ্যাপক গেরাইন্ট জোনস বলেন, দীর্ঘ আট বছরের যাত্রায় সম্ভাব্য বৈজ্ঞানিক আবিষ্কারের প্রত্যাশা প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে।

তাঁর মতে, দুটি মহাকাশযানে থাকা উন্নত যন্ত্রপাতির সাহায্যে বুধের অভ্যন্তর, পৃষ্ঠ এবং চারপাশের মহাকাশ নিয়ে বিস্তারিত গবেষণা করা সম্ভব হবে। এতে বিপুল পরিমাণ নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।

বুধ সৌরজগতের অন্যতম প্রতিকূল পরিবেশের গ্রহ। নিজ অক্ষের চারপাশে একবার ঘুরতে এর সময় লাগে ৫৮ পৃথিবী দিবস। ফলে গ্রহটির কোনো একটি স্থানে প্রায় তিন মাস ধরে দিন এবং পরবর্তী প্রায় তিন মাস রাত থাকতে পারে।

সূর্য থেকে বুধের গড় দূরত্ব প্রায় ৩ কোটি ৬০ লাখ মাইল, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের এক-তৃতীয়াংশের কিছু বেশি। গ্রহটির দিনের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। রাতে তা নেমে যেতে পারে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।

অধ্যাপক জোনস জানান, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে কাজ করতে সক্ষম ক্যামেরা দিয়ে বুধের পৃষ্ঠের ছবি ও তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি গ্রহটির চারপাশের গ্যাসের উপাদান, চৌম্বক ক্ষেত্র এবং অভ্যন্তরীণ গঠন পরীক্ষা করা হবে। লেজার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে গ্রহটির পূর্ণাঙ্গ আকৃতির মানচিত্র।

বিজ্ঞানীদের ধারণা, মহাকাশযান দুটি প্রায় তিন বছর বুধের কক্ষপথে অবস্থান করবে। এরপর জ্বালানি শেষ হয়ে গেলে ধীরে ধীরে উচ্চতা কমতে থাকবে এবং একপর্যায়ে গ্রহটির পৃষ্ঠে আছড়ে পড়বে।

অধ্যাপক বান্স বলেন, মহাকাশযান দুটি আর পৃথিবীতে ফিরে আসবে না—এটাই এই অভিযানের বাস্তবতা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


Loading...
Loading...

তথ্যপ্রযুক্তি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: