বন্ধুত্বকে সাধারণত মানুষের একান্ত সামাজিক সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিজ্ঞান বলছে, প্রাণিজগতেও বন্ধুত্বের অস্তিত্ব রয়েছে। শুধু সাময়িক সঙ্গ নয়, অনেক প্রাণী দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। বিপদে পাশে দাঁড়ায়, খাবার ভাগ করে নেয়, এমনকি বন্ধুর দায়িত্ব নিতে গিয়ে নিজের জীবনযাপনেও পরিবর্তন আনে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের আচরণগত বাস্তুবিদ্যার পোস্টডক্টরাল গবেষক ডেলফিন ডি মুরের মতে, সামাজিক প্রাণীদের মধ্যে বিশ্বাস ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে এ ধরনের সম্পর্ক গড়ে ওঠে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং টিকে থাকার প্রয়োজন থেকেই প্রাণীরা সামাজিক বন্ধন তৈরি করে। বারবার ইতিবাচক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে বিশ্বাস আরও দৃঢ় হয়।
ডি মুরের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের বন্ধুত্বের মতো প্রাণীদের মধ্যেও যদি কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী, স্থিতিশীল এবং উভয়ের জন্য উপকারী হয়, তাহলে তাকে বন্ধুত্ব হিসেবে বিবেচনা করা যায়।
বন্ধুত্ব তৈরিতে কাজ করে যে হরমোন
ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) গবেষণা পরিচালক এবং দ্য গ্রেট অ্যাপ সোশ্যাল মাইন্ড ল্যাবের প্রধান ক্যাথরিন ক্রকফোর্ডের মতে, প্রাণীদের পারস্পরিক বন্ধন তৈরিতে স্নায়ুরসায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বানরজাতীয় প্রাণীদের ক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট।
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, বানরজাতীয় প্রাণীরা যখন একে অপরের শরীরের লোম পরিষ্কার করে দেয়, তখন তাদের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মস্তিষ্কে আনন্দ ও ইতিবাচক অনুভূতি তৈরিতে ভূমিকা রাখে। ফলে একে অপরের পরিচর্যা করার প্রবণতা বাড়ে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
এ ধরনের আচরণের ফলে কর্টিসল হরমোনের মাত্রাও কমতে পারে। কর্টিসল শরীরের মানসিক চাপের প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে, ঘনিষ্ঠ সঙ্গীর শরীরের লোম পরিষ্কার করে দিলে প্রাণীদের কর্টিসলের মাত্রা কমে। তবে যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তাদের ক্ষেত্রে একই ধরনের পরিচর্যায় এমন পরিবর্তন দেখা যায় না।
ক্রকফোর্ডের মতে, নির্দিষ্ট কোনো সঙ্গীর সঙ্গে পরিচর্যামূলক আচরণ প্রাণীদের শারীরিক ও মানসিকভাবে উপকৃত করে।
বন্ধুত্বে বাড়ে আয়ু, কমে মানসিক চাপ
প্রথম দিকে বানরজাতীয় প্রাণীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে। মাতৃসূত্রে গঠিত বানরের দল পর্যবেক্ষণ করে গবেষকেরা এ ধরনের সম্পর্কের প্রমাণ পান। পরবর্তী কয়েক দশকে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর সামাজিক বন্ধন এবং এর প্রভাব নিয়েও গবেষণা বিস্তৃত হয়েছে।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, যেসব প্রাণী দীর্ঘস্থায়ী সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি। তাদের প্রজনন সাফল্যও বেশি হতে পারে। পাশাপাশি মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত লক্ষণও কম দেখা যায়।
অর্থাৎ বন্ধুত্ব শুধু সঙ্গ পাওয়ার বিষয় নয়, প্রাণীদের টিকে থাকা ও সুস্থতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর একটি উদাহরণ অর্কা বা কিলার হোয়েল। এরা নিজেদের দলের সদস্যদের সঙ্গে খাবার ভাগ করে নেয়। কোথায় খাবার পাওয়া যায়, সে সম্পর্কেও তথ্য বিনিময় করে। গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, দলের অন্য সদস্যদের সঙ্গে যেসব অর্কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, খাদ্যসংকটের সময় তাদের অনাহারে পড়ার ঝুঁকি তুলনামূলক কম।
হায়েনাদের মধ্যেও বন্ধুত্বের প্রভাব দেখা যায়। যেসব হায়েনার ঘনিষ্ঠ সঙ্গী বেশি, তারা দলের মধ্যে সামাজিক প্রতিযোগিতা ও সংঘাতের সময় অন্যদের কাছ থেকে বেশি সহযোগিতা পায়। ফলে নিজেদের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে সুবিধা পায়।
বন্ধুর জন্য খাবার উগরে দেয় বাদুড়, শাবক দত্তক নেয় শিম্পাঞ্জি
প্রাণীদের বন্ধুত্বের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হলো পারস্পরিক দায়িত্ববোধ। ডেলফিন ডি মুরের মতে, ঘনিষ্ঠ সঙ্গীর জন্য অনেক প্রাণী ঝুঁকি নেয় এবং প্রয়োজনে নিজের স্বার্থও ত্যাগ করে।
ভ্যাম্পায়ার বাদুড় এর একটি বিস্ময়কর উদাহরণ। কোনো সঙ্গী ক্ষুধার্ত থাকলে তারা নিজেরা খাওয়া রক্ত উগরে দিয়ে সেই বন্ধুকে খেতে সাহায্য করে। অর্থাৎ খাবার ভাগাভাগি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।
শিম্পাঞ্জিদের মধ্যেও বন্ধুত্বের কারণে দায়িত্ব নেওয়ার ঘটনা দেখা যায়। কোনো মা শিম্পাঞ্জি মারা গেলে তার ওপর নির্ভরশীল শাবককে কখনো কখনো মায়ের ঘনিষ্ঠ পুরুষ বা নারী সঙ্গী দত্তক নেয়।
এটি নতুন অভিভাবকের জন্য বড় দায়িত্ব। বিশেষ করে পুরুষ শিম্পাঞ্জি শাবক দত্তক নিলে তার দৈনন্দিন জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। শাবককে কোলে বহন করা, তার চলার গতির সঙ্গে তাল মেলানো এবং রাতে একই বাসায় জায়গা করে দেওয়ার মতো দায়িত্ব পালন করতে হয়।
এ কারণে দলের অন্য সদস্যদের সঙ্গে মেলামেশা কিংবা সামাজিক সংঘাতে অংশ নেওয়ার সুযোগও কমে যায়। তারপরও শাবকের দায়িত্ব নেওয়ার ঘটনা প্রাণীদের সামাজিক বন্ধনের গভীরতা তুলে ধরে।
ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যেও বন্ধুত্ব
বন্ধুত্ব শুধু একই প্রজাতির প্রাণীদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যেও বিশ্বাস ও ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হতে পারে।
২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় কঙ্গো প্রজাতন্ত্রের বন্য শিম্পাঞ্জি ও গরিলার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, প্রজাতিগত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে গড়ে ওঠা কিছু সম্পর্ক ২০ বছর বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে।
মানুষের পরিচর্যা ও পরিবেশের কারণেও ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একই বাড়িতে বেড়ে ওঠা কুকুর ও বিড়ালের বন্ধুত্ব এর পরিচিত উদাহরণ। বেলজিয়ামের একটি চিড়িয়াখানায় ওরাংওটাং ও ভোঁদড়ের আবাসস্থল এক করে দেওয়ার পর তাদের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।
মেক্সিকোতে একসঙ্গে বেড়ে ওঠা একটি সিংহ ও কুকুরের মধ্যেও গভীর বন্ধন গড়ে উঠেছিল। পরে তাদের উদ্ধারকেন্দ্রে স্থানান্তর করা হলেও সম্পর্ক অটুট ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাজার ও কোয়োটের মধ্যেও খেলাধুলা ও বন্ধুত্বপূর্ণ আচরণ পর্যবেক্ষণ করা হয়েছিল। গবেষকদের ধারণা, বন্য পরিবেশে বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে এমন সম্পর্ক বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি প্রচলিত হতে পারে।
ডেলফিন ডি মুরের মতে, হাতি, ডলফিন ও বানরজাতীয় প্রাণীদের সামাজিক আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হওয়ায় তাদের বন্ধুত্ব সম্পর্কে তুলনামূলক বেশি তথ্য পাওয়া গেছে। কিন্তু যেসব প্রাণীর সামাজিক জীবন নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি, তাদের সম্পর্কের ধরন সম্পর্কে মানুষের জ্ঞান এখনো সীমিত।
মানুষের বন্ধুত্বের বিবর্তনও বুঝতে সাহায্য করছে প্রাণীরা
প্রাণীদের বন্ধুত্ব নিয়ে গবেষণা শুধু তাদের সামাজিক আচরণ বোঝার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, মানুষের বন্ধুত্বের বিবর্তন সম্পর্কেও ধারণা দেয়।
ক্যাথরিন ক্রকফোর্ডের মতে, বানরজাতীয় প্রাণীদের মধ্যে বন্ধুত্বের যেসব আচরণ দেখা যায়, সেগুলো মানুষের সামাজিক বন্ধনের বিবর্তন বুঝতে সহায়তা করে। মানুষের সঙ্গে অন্যান্য বানরজাতীয় প্রাণীর বিবর্তনীয় ইতিহাসে বহু পুরোনো অভিন্ন পূর্বপুরুষের অস্তিত্ব ছিল। ফলে বন্ধুত্বের সঙ্গে সম্পর্কিত কিছু স্নায়ুরাসায়নিক প্রক্রিয়া মানুষের মধ্যেই প্রথম তৈরি হয়নি; এর শিকড় প্রাণিজগতের অনেক পুরোনো ইতিহাসে রয়েছে।
ক্রকফোর্ডের মতে, মানুষের বন্ধুত্বের আকাঙ্ক্ষা অস্তিত্বের গভীরে প্রোথিত। অর্থ, খ্যাতি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার বাইরে মানুষের জীবনে বন্ধুত্বের প্রয়োজনীয়তা মৌলিক।
তাঁর বক্তব্য, ঘনিষ্ঠ বন্ধুত্ব ধরে রাখা এবং বন্ধুদের প্রতি আন্তরিক থাকা মানুষের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, বন্ধুত্ব কেবল মানুষের আবেগের বিষয় নয়। প্রাণিজগতেও বিশ্বাস, সহযোগিতা, দায়িত্ববোধ ও পারস্পরিক নির্ভরতার মাধ্যমে গড়ে ওঠে দীর্ঘস্থায়ী সম্পর্ক। অনেক ক্ষেত্রে বন্ধুর জন্য ত্যাগ স্বীকারের যে দৃষ্টান্ত প্রাণীরা দেখায়, তা মানুষের বন্ধুত্বের ধারণাকেও নতুন করে ভাবতে শেখায়।