বার্ধক্য বিলম্বিত করা ও আয়ু বাড়ানোর গবেষণায় নতুন এক সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করলে তাদের আয়ু বাড়তে পারে—এমন তথ্য উঠে এসেছে একটি নতুন গবেষণায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কম বয়সের পাশাপাশি পূর্ণবয়স্ক অবস্থায় এই অস্ত্রোপচার করলেও আয়ু বৃদ্ধির প্রভাব দেখা গেছে। গবেষণায় পূর্ণবয়স্ক ইঁদুরের আয়ু বেড়েছে সর্বোচ্চ ৩৩ শতাংশ।
গবেষণাটি এখনো কোনো বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়নি। প্রাথমিক গবেষণাপত্র হিসেবে এটি প্রকাশ করা হয়েছে বায়োআর্কাইভে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান কেন্দ্রের বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা গবেষণাটি পরিচালনা করেন।
গবেষণায় একই জাতের পুরুষ ইঁদুরকে তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দলের অণ্ডকোষ অপসারণ করা হয় বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলের বয়ঃসন্ধির পর। তৃতীয় দলের ইঁদুরগুলোর বয়স ছিল ২৪০ দিন, যা মানুষের বয়সের হিসাবে প্রায় ৩০ বছরের সমান।
ফলাফলে দেখা যায়, তিন দলের ইঁদুরেরই আয়ু বেড়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পূর্ণবয়স্ক ইঁদুরের ক্ষেত্রে। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ১৯ শতাংশ, বয়ঃসন্ধির পর করা দলের ২৬ শতাংশ। আর ২৪০ দিন বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
গবেষণার ফল গবেষকদেরও বিস্মিত করেছে। গবেষক দলের সদস্য লরেন্স মায়েন্সের ভাষায়, ফলাফলটি ছিল নতুন, অপ্রত্যাশিত ও রোমাঞ্চকর।
গবেষণায় সরাসরি যুক্ত না থাকা যুক্তরাষ্ট্রের বাক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের গবেষক অ্যাশলি ওয়েবও ফলাফলকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাঁর মতে, নারী ও পুরুষের আয়ুর পার্থক্যের কারণ বুঝতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
মানুষসহ বহু প্রাণীর ক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচেন। যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষের গড় আয়ুর ব্যবধান প্রায় ছয় বছর। ক্যানসার ও হৃদ্রোগসহ বয়সজনিত বিভিন্ন রোগে পুরুষদের ঝুঁকিও তুলনামূলক বেশি। তবে এই পার্থক্যের পেছনের কারণ এখনো পুরোপুরি পরিষ্কার নয়।
বিজ্ঞানীদের ধারণা, পুরুষের অণ্ডকোষ ও সেখান থেকে নিঃসৃত হরমোনের সঙ্গে আয়ুর এই ব্যবধানের সম্পর্ক থাকতে পারে। ১৯৬৯ সালের একটি গবেষণায় মানসিক প্রতিবন্ধী কিছু পুরুষকে জোরপূর্বক খোজা করার পর তাঁদের আয়ু এক দশকের বেশি বেড়ে যাওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণীর ওপর করা আরেক বিশ্লেষণেও অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক দেখা যায়।
তবে নতুন গবেষণায় একটি বিষয় বিজ্ঞানীদের ভাবাচ্ছে। অণ্ডকোষ অপসারণের পর ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বা বার্ধক্যের লক্ষণ অন্য ইঁদুরের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো ছিল না। পেশিশক্তি কমার হারও প্রায় একই ছিল। এরপরও অস্ত্রোপচার করা ইঁদুরগুলো তুলনামূলক বেশি দিন বেঁচেছে।
নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল গ্যারাট মনে করেন, জীবনের পরবর্তী পর্যায়ে অণ্ডকোষ অপসারণ করলেও বেঁচে থাকার সময় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এর পেছনের কারণ জানতে আরও গবেষণা প্রয়োজন।
পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ৯০ শতাংশের বেশি তৈরি হয় অণ্ডকোষে। কিন্তু এই হরমোনই আয়ু কমানোর জন্য দায়ী কি না, তা এখনো নিশ্চিত নন গবেষকেরা। অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে আরও নানা ধরনের পরিবর্তন ঘটে, যা দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এখন গবেষকেরা জানতে চান, অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর মৃত্যু দেরিতে হওয়ার প্রকৃত কারণ কী এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত কোন উপাদান আয়ুর ওপর প্রভাব ফেলে। তাঁদের আশা, এ গবেষণা ভবিষ্যতে এমন ওষুধ তৈরির পথ দেখাতে পারে, যা অস্ত্রোপচার ছাড়াই সম্ভাব্য উপকার এনে দেবে।
তবে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে। ইঁদুরের ওপর পাওয়া এই ফল মানুষের ক্ষেত্রে প্রয়োগের মতো পর্যায়ে পৌঁছায়নি। তাই আয়ু বাড়ানোর উপায় হিসেবে অণ্ডকোষ অপসারণকে কোনোভাবেই চিকিৎসা-পরামর্শ হিসেবে দেখার সুযোগ নেই।