সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে বিশেষ সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নির্দিষ্ট কিছু ক্যাটাগরির কর্মীরা চলতি পঞ্জিকা বছরের মধ্যে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের সুযোগ পাবেন।
বুধবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিক্রম করেছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন চাকরিতে যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তারা চলতি বছরের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রম আইন বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীর চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, দেশটির শ্রমবাজারে আইন মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় তাদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্মীকে নির্ধারিত সময়ের আগেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।