জুয়া প্রতিরোধ আইনের সঙ্গে দ্বৈততা নিরসনের লক্ষ্যে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’-এর একটি ধারা বাতিল করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে মূল আইনের ২০ নম্বর ধারা, অর্থাৎ জুয়া সংক্রান্ত বিধানটি বিলুপ্ত করা হলো।
মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে এটি পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, সাইবার জগৎকে নিরাপদ রাখতে ২০২৩ সালে প্রণীত আইনের ২০ ধারায় জুয়া সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিধান ছিল। তবে একই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পৃথকভাবে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৩’ কার্যকর থাকায় আইনি দ্বৈততা সৃষ্টি হয়।
এই দ্বৈততা দূর করতে সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া সংক্রান্ত ধারা বাতিলের প্রস্তাব আনা হয়, যা সংসদে অনুমোদিত হয়েছে।
এর আগে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি বিস্তারিত পর্যালোচনা শেষে বিলটি পাসের সুপারিশ করে।
কমিটির সভাপতি আন্দালিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।