ব্রাজিলকে আর আগের মতো পরাশক্তি মনে করেন না জাপানের স্ট্রাইকার কেন্টো শিওগাই। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর এমন মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। তবে পাল্টা বাকযুদ্ধে না জড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় বার্তা দিয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস।
কাইডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শিওগাই বলেন, ব্রাজিল একসময় ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল। তবে বর্তমানে তাঁর কাছে আর্জেন্টিনা ও ফ্রান্সই বেশি শক্তিশালী দল। তাঁর দাবি, আগের মতো ব্রাজিলের নাম এখন আর ততটা শোনা যায় না।
শিওগাইয়ের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিনিওস বলেন, প্রতিপক্ষ যত বেশি কথা বলবে, ততই ব্রাজিলের খেলোয়াড়রা অনুপ্রাণিত হবেন।
তিনি বলেন, আমাদের দলকে অনুপ্রাণিত করার জন্য ওরা যত বেশি কথা বলবে, ততই ভালো। আমরা প্রায় এক মাস ধরে এখানে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছি। এসব মন্তব্য আমাদের আরও উদ্দীপ্ত করবে।
জাপানের এই মন্তব্যকে কিছুটা অহংকার বলেও মনে করেন ব্রাজিলের এই ডিফেন্ডার। তবে তাঁর বিশ্বাস, মাঠেই সব জবাব দেওয়া হবে।
মার্কিনিওস বলেন, এটা হয়তো তাদের কিছুটা অহংকার। কিন্তু ব্রাজিল এখনো একটি দুর্দান্ত দল। আমাদের কাজ হলো নিজেদের সেরাটা মাঠে তুলে ধরা। আগামী ম্যাচে প্রতিটি বলের জন্য লড়াই করব এবং নিজেদের সামর্থ্য দিয়ে জয় তুলে নেওয়ার চেষ্টা করব।
এদিকে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কাছেও শিওগাইয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি কোনো বিতর্কে জড়াতে চাননি। বরং বিষয়টিকে ‘মাইন্ড গেম’ হিসেবে উল্লেখ করে এড়িয়ে যান অভিজ্ঞ এই কোচ।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র দিয়ে শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়ার বিপক্ষে জয়ের সুবাদে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে ওঠে জাপান।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। মাঠের লড়াইয়ের আগে দুই দলের কথার লড়াই ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।