বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে দীর্ঘ বিরতির পর ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য অলিম্পিককে সামনে রেখে ক্রিকেটের যোগ্যতা অর্জনের (কোয়ালিফিকেশন) প্রক্রিয়া চূড়ান্ত করেছে আইসিসি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে পুরুষ ও নারী-উভয় বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। অলিম্পিকে কারা খেলতে পারবেন সেটি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ইভেন্টে পাঁচটি দল জায়গা পাবে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং, মহাদেশভিত্তিক প্রতিনিধিত্ব এবং স্বাগতিক দেশের ভিত্তিতে। বাকি একটি দল নির্ধারণ হবে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি অলিম্পিকস কোয়ালিফায়ারের মাধ্যমে।
নারীদের ইভেন্টে ইতোমধ্যেই চারটি দল সরাসরি অলিম্পিক নিশ্চিত করেছে। মহাদেশভিত্তিক সর্বোচ্চ অবস্থানে থাকায় এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন জায়গা পেয়েছে।
এশিয়া অঞ্চল থেকে পুরুষ ও নারী—উভয় বিভাগেই ভারত সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছে। অন্যদিকে বাংলাদেশকে মূল পর্বে জায়গা করে নিতে হলে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসি অলিম্পিকস কোয়ালিফায়ার খেলতে হবে।
এ ছাড়া নিজ নিজ মহাদেশের প্রতিনিধিত্ব করে সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের হয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।
স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেরও সরাসরি খেলার সুযোগ রয়েছে। তবে এজন্য ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ১৫-এ থাকতে হবে দলটিকে। বর্তমানে পুরুষদের র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র ১৩তম স্থানে থাকলেও নারীদের র্যাংকিংয়ে তাদের অবস্থান ২০তম।
অন্যদিকে, অলিম্পিক কমিটির স্বতন্ত্র সদস্য না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সরাসরি অলিম্পিকে অংশ নিতে পারবে না। তবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অলিম্পিকে সরাসরি সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটে থাকলে ক্যারিবীয় অঞ্চলের একটি বাছাই প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেখান থেকে একটি দেশ অলিম্পিকের মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।
২০২৭ সালের অলিম্পিক বাছাইপর্বে মোট আটটি দল অংশ নেবে। র্যাংকিংয়ের ভিত্তিতে দলগুলো নির্বাচন করা হবে এবং সেখান থেকে মাত্র একটি দল ২০২৮ অলিম্পিকে জায়গা করে নেবে। ফলে বাংলাদেশের নারী ও পুরুষ—দুই দলকেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে কঠিন বাছাইপর্ব পেরোতে হবে।
অলিম্পিকের মূল পর্বে থাকবে ছয়টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে ক্রসওভার ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের মাধ্যমে শেষ হবে প্রতিযোগিতা। নারী ও পুরুষ—দুই বিভাগ মিলিয়ে অলিম্পিকে মোট ২৮টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।