পদ্মার চরে ‘লন্ডন এগ্রো ফার্ম, অনাবাদি বালুচরে কৃষির নতুন দিগন্ত

খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়া ও পাবনা সীমান্তবর্তী পদ্মার দুর্গম ধোকড়াকোল চর এলাকায় এক সময় যেখানে ছিল শুধু ধুধু বালুচর, সেখানে আজ সবুজের সমারোহ।

2026-06-26T18:46:34+00:00
2026-06-26T18:46:34+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
পদ্মার চরে ‘লন্ডন এগ্রো ফার্ম, অনাবাদি বালুচরে কৃষির নতুন দিগন্ত
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬:৪৬ পিএম 
ছবি ভোরের ডাক
কুষ্টিয়া ও পাবনা সীমান্তবর্তী পদ্মার দুর্গম ধোকড়াকোল চর এলাকায় এক সময় যেখানে ছিল শুধু ধুধু বালুচর, সেখানে আজ সবুজের সমারোহ। দীর্ঘদিনের অনাবাদি ও অনুর্বর জমিকে আধুনিক কৃষি প্রযুক্তি ও সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীল করে গড়ে তোলা হয়েছে লন্ডন এগ্রো ফার্ম। স্থানীয়দের কাছে এটি এখন কৃষি বিপ্লবের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জানা গেছে, লন্ডনপ্রবাসী অধ্যাপক মিলন মাহমুদের পরিকল্পনা, দূরদর্শিতা ও উদ্যোগে গড়ে ওঠা এই খামার শুধু কৃষি উৎপাদনই নয়, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির চিত্র বদলে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক সময় যেখানে কৃষকদের স্বপ্ন বালুচরে হারিয়ে যেত, আজ সেখানে বিভিন্ন ধরনের ফসল ও ফলের সমৃদ্ধ আবাদ হচ্ছে।

খামারটিতে সমন্বিত কৃষি ব্যবস্থাপনার আওতায় কলা, সুপারি, আখ, ভুট্টা, ধান, পাট, তিসি, মাসকালাই, কাউনসহ বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি সিম, বরবটি, পটল, বেগুন, ঝিঙে ও অন্যান্য মৌসুমি সবজির চাষ করা হচ্ছে। এছাড়া গবাদিপশু পালন, হাঁস-মুরগির খামার এবং মাছ চাষের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে একই খামারে একাধিক উৎপাদন কার্যক্রম পরিচালনার মাধ্যমে লাভজনক কৃষি মডেল গড়ে উঠেছে।

খামার কর্তৃপক্ষ জানায়, আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব সার এবং উন্নত ব্যবস্থাপনার কারণে এক সময়ের অনাবাদি বালুচর এখন সারা বছর ফসল উৎপাদনের উপযোগী হয়ে উঠেছে। এতে স্থানীয় অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে এবং কৃষির প্রতি আগ্রহও বেড়েছে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে পদ্মাপাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার আর্থ-সামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন এসেছে।

খামার কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে লন্ডন এগ্রো ফার্মকে কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্র (অ্যাগ্রো ট্যুরিজম) হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে কৃষির পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তারা আশাবাদী।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের মতে, পদ্মার চরাঞ্চলের পতিত জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে সমন্বিত কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে দেশের অন্যান্য চরাঞ্চলেও একই ধরনের সফলতা অর্জন সম্ভব হবে। লন্ডন এগ্রো ফার্ম সেই সম্ভাবনারই একটি বাস্তব উদাহরণ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: