নীলফামারীতে ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম ওরফে ‘ব্রিটিশ’ (২০), নিতাই বসুনিয়াপাড়া এলাকার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) এবং সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ-বিদেশে অবস্থানরত চাকরিপ্রত্যাশী ও প্রবাসীদের বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবির ওসি মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।