যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পবিত্র আশুরা পালিত হয়েছে। ১০ মহরম উপলক্ষে শহীদে কারবালার স্মরণে শোক শোভাযাত্রা, জারি-শরিফ, মাতম ও স্মরণসভার আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ জুন) উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নের কান্দা কুষ্টিয়া এলাকায় জুরান বেপারীর বাড়িতে ইমামিয়া কাসেদের দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৌজন্য ও সার্বিক সহযোগিতা করেন রাহেলা ওয়াইসী, মমতাজ চিশতী, শামীমা আক্তার ও লিজা ওয়াইসী।
আল মাসুদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১ নম্বর পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন (মাস্টার)। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাদেম হাসান বেপারি এবং কাসেদের দলের দলপতি সফিজ মাধব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়লা ইউনিয়ন যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন ভূলু, পয়লা ইউনিয়ন মোটরচালক দলের সভাপতি নয়ন প্রধান, মতিউর রহমান, সাইদুর মোল্লা ও মতিউর রহমান ওয়াসী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহড়া পাক দরবার শরীফের পীর শাহ সুফি ফিরোজ আহমেদ চিশতী এবং ড. মো. আরশেদ আলী।
বক্তারা কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে সত্য, ন্যায় ও মানবতার আদর্শ অনুসরণের আহ্বান জানান। শোক শোভাযাত্রায় কাসেদের দলের সদস্যরা ঐতিহ্যবাহী জারি-শরিফ ও মাতম পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।