মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ১ লাখ ৮ হাজার ৬২৫ টন অপরিশোধিত (ক্রুড) জ্বালানি তেলবাহী জাহাজ ‘এমটি নর্ডিক পোলাক্স’। প্রায় ১১২ দিন জটিল পরিস্থিতিতে আটকে থাকার পর এবং মোট ১২৮ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাহাজটি আগামী ৬ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিদেশি একটি কোম্পানি থেকে ভাড়ায় নেওয়া এই জাহাজে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করছে। তবে হরমুজ প্রণালিতে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাহাজটি দীর্ঘ সময় সেখানে আটকে ছিল। সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত সোমবার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি।
জাহাজে থাকা এক লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ শোধন করা হবে। পরে পরিশোধিত জ্বালানি তেল সারাদেশে সরবরাহ করবে বিপিসি। পুরো পরিবহন কার্যক্রম তদারকি করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালিতে সংকট তৈরি হওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে সৌদি আরবের ইয়ানবু এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। এসব বিকল্প উৎস থেকে সরবরাহ অব্যাহত থাকায় দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় জাহাজটি আটকে থাকায় ডেমারেজ বা অতিরিক্ত ব্যয় সৃষ্টি হলেও চুক্তি অনুযায়ী সেই ব্যয় বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। বিএসসি বা বিপিসির ওপর এ ব্যয়ের কোনো দায় পড়বে না।
বিএসসি জানিয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার নিয়মিত এই রুট ব্যবহার করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।