নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা নিয়ে আলোচনা হয় সভায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মদন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। সভা সঞ্চালনা করেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম।
সভায় মদন পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকর ব্যবহার, পর্যাপ্ত আলোকসজ্জা, দর্শনার্থীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে।
কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন মদন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা শাওলীন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মীর্জা রমজান আলী মাস্টার, ৮ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, ৪ নম্বর গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈদুর ইসলাম মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আংগুর রহমান ভূঁইয়া, পৌর জামায়াত নেতা শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা।