দলে ফিরতে চান বিএনপির বহিষ্কৃত দুই নেতা

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

একসময় রাজপথের মিছিল-মিটিং, দলীয় কর্মসূচি আর নেতাকর্মীদের নিয়ে সরব ছিলেন তারা। মানিকগঞ্জের বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ হিসেবেই দীর্ঘদিন সক্রিয় ছিলেন

2026-10-08T20:12:16+00:00
2026-10-08T20:12:16+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দলে ফিরতে চান বিএনপির বহিষ্কৃত দুই নেতা
কেন্দ্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় মানিকগঞ্জের আতা-তোজা
মানিকগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম 
সংগৃহীত ছবি
একসময় রাজপথের মিছিল-মিটিং, দলীয় কর্মসূচি আর নেতাকর্মীদের নিয়ে সরব ছিলেন তারা। মানিকগঞ্জের বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ হিসেবেই দীর্ঘদিন সক্রিয় ছিলেন আতাউর রহমান আতা ও তোজাম্মেল হক তোজা। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখন দলীয় রাজনীতির বাইরে রয়েছেন তারা।

বহিষ্কারের কয়েক মাস পর এবার বিএনপিতে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আতা এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোজা। তবে দলে ফেরার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় চলতি বছরের ২০ জানুয়ারি আতাউর রহমান আতা ও তোজাম্মেল হক তোজাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে দলীয় কোনো কর্মসূচিতে তাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়নি। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে তারা বর্তমানে ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক কাজে সময় দিচ্ছেন।

তবে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কারণে বিএনপির রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে চান না তারা। দলের প্রতি নিজেদের আনুগত্যের কথা তুলে ধরে ফের বিএনপিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন দুজন।

আতাউর রহমান আতা মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার দাবি করে আসছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন আতা। তবে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার কাছে পরাজিত হন তিনি। এরপর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বহিষ্কৃত হন।

দলে ফেরার বিষয়ে আতাউর রহমান আতা বলেন, আমি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের আদর্শ ও নীতির প্রতি আমার আস্থা ও ভালোবাসা আগের মতোই রয়েছে। হাইব্রিডদের অপতৎপরতায় দল ধ্বংস হয়ে যাক, সেটা আমি সহ্য করতে পারব না। আমার হাইকমান্ডের প্রতি অনুরোধ, এসব অপতৎপরতা কঠোর হাতে দমন করে দলের ভাবমূর্তি রক্ষা করবেন।

তিনি বলেন, দল যদি আমাকে ডাকে, তাহলে আমি দলে ফিরে আসতে চাই। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দেবেন, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব।

মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাও বহিষ্কারের পর দলীয় রাজনীতির বাইরে রয়েছেন। তিনি দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তোজা। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীরের কাছে পরাজিত হন তিনি। পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাকেও বহিষ্কার করা হয়।

দলে ফেরার বিষয়ে তোজাম্মেল হক তোজা বলেন, “আমরা দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করেছি। হামলা-মামলাসহ অনেক নির্যাতন সহ্য করেছি। দল যদি আমাকে ডাকে, অবশ্যই দলে ফিরতে চাই। দলের জন্য আবারও কাজ করতে চাই।”

বহিষ্কৃত দুই নেতার দলে ফেরার বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির মুখপাত্র আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাদের বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো—তাদের দলে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, তারা যদি আবেদন করেন, তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় ফোরামে আলোচনা করে বিষয়টি মীমাংসা করবেন। কেন্দ্র যদি তাদের ক্ষমা করে, তাহলে তারা দলে ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, তারা যেহেতু বহিষ্কৃত, এই মুহূর্তে দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত নন। তারা আবেদন করলে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

ফলে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি থাকা এই দুই নেতার বিএনপিতে প্রত্যাবর্তন এখন অনেকটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: