সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়ন পরিকল্পনায় এবার মানুষের প্রকৃত প্রয়োজনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, শহরকেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ কোটি ৪৫ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি নতুন ব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার নেয়াজর টেক থেকে টংকাবতী ফরেস্ট অফিস ভায়া কানুরাম বাজার সড়কে নবনির্মিত ব্রিজটির নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৩১ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন যেকোনো এলাকার সামগ্রিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শুধু শহরকে ঘিরে উন্নয়ন করলে হবে না। গ্রামের সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সড়ক ও সেতুর যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষকরা সহজে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন ব্রিজটি চালু হওয়ায় নেয়াজর টেক, কানুরাম বাজার, টংকাবতীসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী। তাঁদের মতে, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. ইদ্রিস, লোহাগাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, পদুয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার এবং বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম ডি জোনায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।