কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক আড়াইটার দিকে এসআরবি-১৫ ও টেকনাফ-২ বিজিবির একটি যৌথ দল মঞ্জুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন কেওড়া বাগানে অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কেওড়া বাগানের মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩ লাখ পিস। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।