রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (২৪ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা ও ইউনিটের সদস্যরা অংশ নেন। অভিযানে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ৩১ জন এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।