২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৬ জুন) ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হবে কুরাসাও ও আইভরি কোস্ট। নকআউট পর্বের দৌড়ে দুই দলের সামনে ভিন্ন সমীকরণ থাকলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে আফ্রিকার প্রতিনিধি আইভরি কোস্ট।
বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ হিসেবে অংশ নেওয়া কুরাসাও প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করে ক্যারিবীয় দলটি।
সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন গোলরক্ষক এলোই রুম। তিনি একাই ১৫টি সেভ করেন, যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ডে টিম হাওয়ার্ডের পাশে তাকে স্থান করে দেয়। নকআউট পর্বে যেতে হলে কুরাসাওকে এই ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ফলাফলের দিকেও।
অন্যদিকে, আইভরি কোস্ট টুর্নামেন্ট শুরু করে ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।
দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আইভরি কোস্ট গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে এবং কুরাসাও ও ইকুয়েডরের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে। ফলে এই ম্যাচে ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত করবে তারা।
আইভরি কোস্ট শিবিরে কিছুটা দুশ্চিন্তা রয়েছে ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর চোট নিয়ে। তবে মেডিকেল রিপোর্টে জানা গেছে, তার ইনজুরি গুরুতর নয়। এছাড়া ইভান এনডিকা অনুশীলনে ফিরলেও তার শুরুর একাদশে থাকা এখনও নিশ্চিত নয়।
কুরাসাও দলে জুর্গেন লোকাডিয়ার খেলা নিয়ে কিছু শঙ্কা থাকলেও তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
কাগজে-কলমে শক্তির দিক থেকে এগিয়ে আইভরি কোস্টই। শক্তিশালী আক্রমণভাগ নিয়ে তারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে উজ্জীবিত কুরাসাও লড়াই করবে শেষ পর্যন্ত।
সম্ভাব্য একাদশ
কুরাসাও: এলোই রুম; ব্রেনেট, গারি, অবিস্পো, ফ্লোরানুস, ফনভিল; চং, কোমেনেনসিয়া, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনিও বাকুনা; লোকাডিয়া।
আইভরি কোস্ট: ইয়াহিয়া ফোফানা; গুয়েলা দুয়ে, কোসুনু, আগবাদু, কোনান; সাংগারে, ফ্রাঙ্ক কেসি, ইনাও ওউলাই; আমাদ দিয়ালো, আঁজ-ইওয়ান বনি, ইয়ান দিয়োমান্দে।