ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দেখতে সবসময়ই মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। দীর্ঘ ৩৬ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটতে পারে চলমান বিশ্বকাপে।
টুর্নামেন্টের বর্তমান সমীকরণ অনুযায়ী, চলমান ছন্দ ধরে নিজেদের পরবর্তী ধাপগুলো সফলভাবে অতিক্রম করতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি।
গ্রুপ ‘জে’-তে টানা দুই জয় তুলে নিয়ে ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠার পথে রয়েছে লিওনেল মেসির দল। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, শুরুতে কিছুটা হোঁচট খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় এবং শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। ফলে নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।
দুই দলই যদি দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার। আর সেটি হলে বিশ্বকাপ ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়ের জন্ম হবে।
বিশ্বকাপের মূল পর্বে সবশেষ ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই রাউন্ড অব সিক্সটিন ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের ৮১তম মিনিটে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে জয়সূচক গোলটি করেছিলেন ক্লদিও ক্যানিজিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে সেটিই এখন পর্যন্ত দুই দলের একমাত্র সাক্ষাৎ।
তাই এবার সেমিফাইনালে দেখা হলে ১৯৯০ সালের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে ব্রাজিল। অন্যদিকে, শিরোপার পথে আরেক ধাপ এগোতে মরিয়া থাকবে আর্জেন্টিনা।