জার্মানির সামনে ইকুয়েডরের বাঁচা-মরার লড়াই, জয় ছাড়া বিকল্প নেই
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে জার্মানি ও ইকুয়েডর। একদিকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা জার্মানি, অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে থাকা ইকুয়েডর। ফলে ম্যাচটি দুই দলের জন্য দুই ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
গ্রুপ ‘ই’-তে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। কুরাসাওকে ৭-১ এবং আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। ফলে শেষ ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করতে চায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ইকুয়েডরের সামনে সমীকরণ কঠিন। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হারের পর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়ে গেছে দক্ষিণ আমেরিকার দলটি। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের জন্য জার্মানির বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই।
তবে জিতলেও নকআউটে ওঠার জন্য অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। কুরাসাওয়ের বিপক্ষে আইভরি কোস্টকে ড্র করতে হবে অথবা হারতে হবে। তবেই শেষ বত্রিশে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে ইকুয়েডর।
কোচ সেবাস্তিয়ান বেকাসেসের ভরসা দলের ‘গোল্ডেন জেনারেশন’। মাঝমাঠে মোইসেস কাইসেদো এবং রক্ষণে পিয়েরো ইনকাপিয়ে ও উইলিয়ান পাচোকে ঘিরেই পরিকল্পনা সাজানো হয়েছে। তবে আক্রমণভাগের ব্যর্থতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুরাসাওয়ের বিপক্ষে ২৭টি শট নিয়েও গোল করতে পারেনি দলটি।
এদিকে নকআউট নিশ্চিত হওয়ায় জার্মানি দলে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ নাগেলসম্যান। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তবে রক্ষণে আন্তোনিও রুডিগার ও জনাথন তাহকে দেখা যেতে পারে। বেঞ্চের কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও দলটির প্রতিযোগিতামূলক মান ধরে রাখতে চান জার্মান কোচ।
আক্রমণভাগে ডেনিজ উন্ডাভের ওপর নজর থাকবে। আইভরি কোস্টের বিপক্ষে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। পাশাপাশি জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজদেরও খেলার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে কোচের।
পরিসংখ্যানও জার্মানির পক্ষেই কথা বলছে। এ পর্যন্ত দুইবার মুখোমুখি হয়ে দুই ম্যাচেই জয় পেয়েছে জার্মানরা। ২০০৬ বিশ্বকাপে তারা ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছিল। পরে ২০১৩ সালের প্রীতি ম্যাচেও ৪-২ গোলের জয় তুলে নেয় ইউরোপের দলটি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যেখানে জার্মানির লক্ষ্য গ্রুপসেরা হিসেবে এগিয়ে যাওয়া, আর ইকুয়েডরের লক্ষ্য বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখা।