দীর্ঘদিনের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার। আর তার প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিতদের একজন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নেইমারকে দলের ‘আইডল’ আখ্যা দিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসায় পরিণত হয়েছেন ভিনিসিয়াস। চলমান বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে ভিনিসিয়াস বলেন, ‘এটি আমাদের জন্য খুবই বিশেষ একটি মুহূর্ত। আমাদের আইডল ফিরে এসেছে। জাতীয় দলে ফেরার জন্য নেইমার সবসময় কঠোর পরিশ্রম করেছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে। ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরতে পেরে আমরা সবাই আনন্দিত।’
নেইমারের উপস্থিতি ব্রাজিলকে আরও শক্তিশালী করবে বলেও মনে করেন ভিনি। তিনি বলেন, ‘আমি আশা করি সে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরবে এবং পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের সহায়তা করবে। দলের জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার মিয়ামিতে অনুষ্ঠিত গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। সেই ম্যাচেই প্রায় ৩২ মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। ম্যাচের ৭৬তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে তাকে নামান কোচ কার্লো আনচেলত্তি।
নেইমারের ফেরায় ব্রাজিল শিবিরে স্বস্তির আবহ তৈরি হয়েছে। কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থরা সবাই দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ফিরে পেয়ে আনন্দিত। আর আক্রমণভাগে নেইমারের উপস্থিতি ভিনিসিয়াসের জন্যও বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।
ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখনও নেইমারের দখলে। ৩৪ বছর বয়সী এই তারকা ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করেছেন। এছাড়া তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে করেছেন ৮ গোল।