একটি উন্নত ও আধুনিক নগরী গড়ে তুলতে কার্যকর যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, সড়ক উন্নয়ন শুধু যাতায়াত ব্যবস্থাকে সহজ করে না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নগরবাসী উন্নত সেবা পাবে।
মেয়র আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের অভাবে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। জনগণের দুর্ভোগ কমানো এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই এসব সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে যাবে সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।